সড়ক নিরাপত্তা বাড়ানো এবং ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর করতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বাংলাদেশ হাইওয়ে পুলিশ সমঝোতা স্মারক সই করেছে। প্রাথমিকভাবে পাঁচ বছর কার্যকর থাকবে এ সমঝোতা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটি সই হয়। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ পুলিশ ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।

চুক্তি অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে থাকা সিসিটিভি ফুটেজ, স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ (ANPR), গতি শনাক্তকরণ ব্যবস্থা, ওয়েট-ইন-মোশন (WIM) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে গাড়ি থামানো ও লেনের নিয়ম ভাঙার ঘটনা শনাক্ত এবং আইন প্রয়োগ করা যাবে।

সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য বিনিময় এবং সমন্বিতভাবে কাজ করবে। নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা সইয়ের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় API Link ও কারিগরি নির্দেশনা দেবে। পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজে শুধু তথ্য দেখার সুযোগ পাবে; তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তায় দুই পক্ষকেই নির্ধারিত বিধি অনুসরণ করতে হবে।

সূত্র: সারাবাংলা