কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল সরানো বা ব্লক করার আবেদনও করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিটটি করেন। আবেদনকারীদের মধ্যে এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন রয়েছেন। তাঁরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হন এবং তাঁদের শরীরে এখনো গুলি রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদে করা রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। একই সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এই নিষেধাজ্ঞাকে স্থায়ী করতে সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবেদনকারীদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলায় জড়িত।
আবেদনে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগও তোলা হয়েছে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলার কথাও আবেদনে রয়েছে।
এ ছাড়া ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়েছে। রিটে আরও অভিযোগ করা হয়েছে, পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারত থেকে অডিও বার্তা, ফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন।
আওয়ামী লীগের পক্ষে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ বলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে। পেনাল কোড ও সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপ নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। বিভিন্ন সময়ের ঘটনা ও ২০২৪ সালের ৫ আগস্টের পরের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিদেশি সম্পৃক্ততা তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি দলটির অর্থের উৎস শনাক্ত ও তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর ৩০ দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশনা এবং বিদেশি সরকারগুলোর সঙ্গে যোগাযোগের আবেদনও রয়েছে।
সূত্র: ভোরের কাগজ




