পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার নজির নেই—এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, শেখ হাসিনাও ফিরবেন না। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনা হলে তা হবে বিচারের রায় কার্যকর করার জন্য, রাজনীতি করার জন্য নয়।
বুধবার বিকেলে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশটির আয়োজন করে বরিশাল মহানগর জামায়াত।
হেলাল বলেন, আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টায় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। জনগণ এর জবাব দেবে। সরকারের প্রতি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের আহ্বানও জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন হেলাল। তাঁর ভাষ্য, সর্বদলীয় ঐক্যের ভিত্তি জুলাই সনদ; এটি বাস্তবায়ন ছাড়া ঐক্য সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
বাবর আরও বলেন, গোপালগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্য হলে তা জনগণ মেনে নেবে না। প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ গোপালগঞ্জে লংমার্চ করবে বলেও তিনি মন্তব্য করেন।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
সূত্র: আমার দেশ



