বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির প্রতিবেদন দাখিলের সময় পেছাল ১০০ বার।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়। ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক। তদন্তের দায়িত্ব পায় সিআইডি; এখনো প্রতিবেদন আদালতে জমা পড়েনি।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোর সংখ্যা ১৩১। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন তাঁরা। থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের পর এখন মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সাগর-রুনি হত্যা মামলায় সর্বশেষ ৫ নভেম্বরও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। আদালত আগামী ৯ ডিসেম্বর নতুন তারিখ রেখেছেন। রিজার্ভ চুরির মামলায় তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা আগে আন্তর্জাতিক আইনি সহযোগিতাসহ নানা প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন।

সূত্র: চ্যানেল আই অনলাইন