সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহীদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সরকার কারও ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে না। তবে সাংবাদিকতার জন্য প্রশিক্ষণ প্রয়োজন—এই দূরদর্শী ভাবনা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন—রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে এমন অভিযোগ আসে। বিষয়টি বিবেচনায় রেখে সাংবাদিকতায় আসতে চাইলে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের আরও বেশি প্রশিক্ষণের আওতায় নিতে সরকার কাজ করছে বলে জানান ইয়াসের খান চৌধুরী। পিআইবিকে শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে পিআইবির সনদের বিশেষ মর্যাদা রয়েছে। প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তাঁর অভিযোগ, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে।

মিথ্যা তথ্য সাময়িক বিভ্রান্তি তৈরি করলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় বলে মন্তব্য করেন ফারুক ওয়াসিফ। অপতথ্য ও গুজব ঠেকাতে যথাযথ যাচাই-বাছাই, সম্পাদনা এবং তথ্য ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম। পরে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সূত্র: চ্যানেল আই অনলাইন