জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছেন সামান্তা শারমিন। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশের পর দলটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে ফেসবুকে জেডিপির নবনির্বাচিত পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে বৈঠকের ছবি দেন সামান্তা। তিনি জানান, নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি করেছেন।
তবে জেডিপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে বুধবার গণমাধ্যমকে জানান সামান্তা। তাঁর ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। জেডিপির সঙ্গে বৈঠকটি ছিল কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক আলোচনা। বৃহস্পতিবার আরেকটি দলের সঙ্গে বসার কথা রয়েছে তাঁর।
সামান্তা বলেন, আগ্রহী পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এরপর কোনো দল বা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন।
জেডিপির সঙ্গে বৈঠকের আগে অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ৫ নভেম্বর দলটি থেকে পদত্যাগ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পান। এনসিপি গঠনের পর দলটির শীর্ষ নেতৃত্বেও দায়িত্ব পালন করেন।
সূত্র: জনকণ্ঠ





