সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের এসপি হয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ এবং খুলনার এসপি হয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
ফেনীর এসপি হয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন এসপি করা হয়েছে এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে। নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
প্রজ্ঞাপনে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলির কথা উল্লেখ করা হয়েছে।
সূত্র: একুশে টেলিভিশন




