রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে বসা হকারদের সরাতে বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিকেল ৩টায় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।

ডিএনসিসির প্রশাসক বলেন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অভিযান চলবে।

এর আগে ২০ অক্টোবর অভিযান চালিয়ে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। গত কয়েক দিনে হকাররা আবার সেখানে বসতে শুরু করলে বুধবার নতুন করে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।

অভিযানের সময় মিরপুর-১০ নম্বরের ফুটওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন প্রশাসক। তিনি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

সূত্র: একুশে টেলিভিশন