প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত, পোলট্রি ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে। দেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে।

তারেক রহমানের ভাষ্য, প্রাণিসম্পদ খাত দুধ, মাংস ও ডিমের জোগানের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতি, গ্রামীণ কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখে।

আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলে বাণীতে উল্লেখ করেন তিনি। খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ ঠিকভাবে বাস্তবায়িত হলে এ খাতে দেশ আরও স্বনির্ভর হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিকে তিনি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

বাণীতে জানানো হয়, ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সূত্র: একুশে টেলিভিশন