জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে রাজধানীর বাসাবো-কদমতলা খাল পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে বাসাবো এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে তিন মাসের মধ্যে খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এ কাজে খালের তলা থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য তোলা হবে। কাজ শেষে খালের দুই পাড়ে গাছ লাগানো হবে।

উদ্বোধনী বক্তব্যে আবদুস সালাম বলেন, দখল ও দূষণে একসময়ের প্রবহমান খালটি সরু ড্রেনে পরিণত হয়েছে। খালের ওপরের আবর্জনার পাশাপাশি তলায় জমে থাকা মাটিও তুলে ট্রাকে দ্রুত সরিয়ে নেওয়া হবে, যাতে পাড়ে বর্জ্য না জমে।

খালের পাড় বাঁধাই এবং সুরক্ষাদেয়াল বা গ্রিল বসানোর পরিকল্পনার কথাও জানান প্রশাসক। তিনি অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দিতে এবং এলাকাবাসীকে খালে ময়লা না ফেলতে অনুরোধ করেন। পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসকের তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন মাসে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি শুরু হয় ১৬ নভেম্বর। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সূত্র: আমার দেশ