নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে দ্রুত ১৫১ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, গ্রামের মানুষকে চিকিৎসার জন্য শহরে যেতে না হয়—এ লক্ষ্য নিয়ে সরকারি হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে সরকার। বিনা মূল্যে ও স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিতে হাসপাতালের অবকাঠামো জোরদার, আধুনিক সরঞ্জাম যুক্ত করা এবং সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। তাঁর অভিযোগ, আগের সময়ে অনেক চিকিৎসক কর্মস্থলে না থেকে ঢাকা যাতায়াত করতেন, এতে স্থানীয় বাসিন্দারা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আবাসিক ভবন হলে চিকিৎসকদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্বে অবহেলার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দিনব্যাপী কর্মসূচিতে নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জের চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ডিভাইডার স্থাপনের কাজে অংশ নেন তিনি। বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দায় ড্রেন নির্মাণ এবং দোহারের চরলটাখোলায় সড়ক উন্নয়নকাজও উদ্বোধন করেন।

পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে অতিরিক্ত বেডসেট হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতারা, স্বাস্থ্য কর্মকর্তা, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: জনকণ্ঠ