কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি রাজনৈতিক স্বীকৃতি হারিয়েছে; দেশের মানুষও তাদের আর গ্রহণ করবে না।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণহত্যায় জড়িত ফ্যাসিবাদী শক্তি নাৎসি বাহিনীর মতো পৃথিবীর কোথাও রাজনীতিতে পুনর্বাসিত হতে পারেনি।
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে এ প্রক্রিয়া চালাতে হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হচ্ছে। অগ্নিসন্ত্রাস, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনের বিচারের সুযোগ রয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।
গার্মেন্টস খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে; এসব তৎপরতার সঙ্গে প্রকৃত শ্রমিকদের স্বার্থের সম্পর্ক নেই।
মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
সূত্র: জনকণ্ঠ




