ভারতের কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বাংলাদেশি ভিসার আবেদন নেওয়ার জন্য নতুন দুটি কেন্দ্র চালু হচ্ছে। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং সেখানে দীর্ঘমেয়াদে থাকা বিদেশি নাগরিকেরা কেন্দ্রগুলোতে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্র দুটি পরিচালনা করবে বেসরকারি প্রতিষ্ঠান সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।

উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা কলকাতা অথবা শিলিগুড়ির যেকোনো একটি কেন্দ্রে আবেদন জমা দিতে পারবেন।

কলকাতার কেন্দ্রটি হবে সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে—প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, কলকাতা-৭০০০৯১। শিলিগুড়ির কেন্দ্রটি সেবক রোডের সিটি মলের প্রথম তলায়; ঠিকানা শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।

এত দিন কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করত ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-হাইকমিশন ২০ নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল পরিচালিত কেন্দ্রগুলোতে আবেদন নেওয়া হবে না। আগের ব্যবস্থার মতো নতুন কেন্দ্রগুলোতেও আবেদন জমা ও ভিসাসহ পাসপোর্ট সংগ্রহের কার্যক্রম চলবে।

সূত্র: জনকণ্ঠ