রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অভিযান চালিয়ে ২০ থেকে ২২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে একটি ভবনে বৈঠকে বসেছিলেন ২০-২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী। তাঁদের মধ্যে গোপালগঞ্জ থেকে আসা কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতিও ছিলেন। বৈঠকের খবর পেয়ে নয়ন আগেই প্রশাসনকে জানান এবং বিকেলে অনুসারীদের নিয়ে ভবনটি ঘিরে ফেলেন।

অভিযানের সময় কয়েকজন ভবনের পেছনের জানালা কেটে মই দিয়ে এবং দোতলা থেকে লাফিয়ে পালিয়ে যান। নারী নেত্রীসহ অন্তত ২০ থেকে ২২ জনকে আটকে রাখা হয়। পরে পুলিশ পৌঁছালে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্টও পুলিশের কাছে দেওয়া হয়।

সাংবাদিকদের রবিউল ইসলাম নয়ন বলেন, ডিসেম্বরকে ঘিরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈঠকে বসেছিলেন। ভবনের ভেতর কিছু বিস্ফোরক দ্রব্য ও অবৈধ সামগ্রী পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি; সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগরের কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপন বৈঠক বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন যুবদলের এই নেতা।

পুলিশ জানায়, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আমার দেশ