অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে ব্যাটার ক্রিজে পৌঁছানোর আগেই ফাঁকা স্টাম্পে বল করে উইকেট পেয়েছেন ব্রিসবেন হিটের সারা গ্লেন। মেলবোর্ন রেনেগেডসের ডিয়েন্ড্রা ডটিন ব্যাটিংয়ের জন্য নির্ধারিত সময়ে প্রস্তুত হতে না পারায় এভাবে বোল্ড হন।

মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস। ১৫তম ওভারে দলের স্কোর ৯৭/৪ থাকা অবস্থায় ব্যাট করতে নামার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডটিনের। তবে ক্রিজে আসতে দেরি হওয়ায় তাঁকে মাঠে দাঁড়াতে হয় স্কয়ার লেগের কাছে।

বিগ ব্যাশে ২০২১–২২ মৌসুম থেকে কার্যকর টাইমড আউটের সংশোধিত নিয়মে, কোনো ব্যাটার আউট হলে বা অবসর নিলে পরের ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হয়। তা না হলে প্রথম বলের সময় তাঁকে পিচের পাশে লেগ সাইডে, স্টাম্পের রেখা থেকে অন্তত পাঁচ মিটার দূরে থাকতে হয়।

ডটিনকে ওই অবস্থানে রেখে স্টাম্প লক্ষ্য করে বল করেন গ্লেন। বলটি স্টাম্পে লাগলে নিয়ম অনুযায়ী বোল্ড হন ডটিন। কোনো বল খেলার সুযোগ না পেয়েই শূন্য রানে ফেরেন তিনি। ডেলিভারিটি বৈধ বল হিসেবে গণ্য হয়েছে এবং উইকেটটি গ্লেনের নামেই যুক্ত হয়েছে।

ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচসেরা সোফি মোলিনু বলেন, ‘এটি এমন কিছু, যা ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি ভালো শিক্ষা, অন্য দলগুলোর জন্যও নিশ্চয়ই। আমার মনে হয়, আগামী ১০ বছরে আর এমন ঘটনা দেখা যাবে না।’

সূত্র: প্রথম আলো