শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ঢাকা থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ ভারত প্রচলিত নিয়ম অনুযায়ী খতিয়ে দেখছে। তিনি বলেন, ‘‘কোনো নাগরিকের ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা৷’’
ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসনে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে গতকাল জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাঁকে কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। দেশে ফেরার জন্য চলতি মাসে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন তিনি। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রীর সেই আবেদন মঞ্জুর হয়নি।
সূত্র: ডয়চে ভেলে বাংলা




