ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চত্বরে বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁদের দাবি, আগরতলায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে এবং দলটির সদস্যরা সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা করতে পারেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, তাঁরা খবর পেয়েছেন, তিন সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির নেতাকর্মীদের দাবি, বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। তাঁদের ভাষ্য, দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং প্রতিনিধি দলে পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা আছেন।

এ খবর পাওয়ার পর বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে মিছিল নিয়ে স্থলবন্দরে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ অন্যরা অংশ নেন। বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত রয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর