প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান তুহিনকে অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। বুধবার ২৫ নভেম্বর বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে কর্মসূচি হয়। সেখানে বাধা ও হামলার অভিযোগ উঠেছে।
মঞ্চ ২৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন কর্মসূচিতে বাধা দিয়ে হামলা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় বা বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্মসূচিতে আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, এসডিএফের সাংগঠনিক সম্পাদক বাদশাহ, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, আসিফ আদনান ও রায়হান জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া উপস্থিত ছিলেন।
বক্তব্যে ফাহিম ফারুকী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় দলটির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজামান খান নিজের অবস্থান বদলে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাঁর বিরুদ্ধে পদোন্নতি, নিয়োগ-বাণিজ্য ও সম্পদ অর্জনসহ নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন ফারুকী। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তাঁকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদ থেকে অপসারণ এবং বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ফারুকীর দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন রাজধানীতে অধিদপ্তরের সামনে দলটির ‘শান্তি মিছিল’ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন শাহজামান খান তুহিন। বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি তখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন এবং সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি জাতীয়তাবাদী পরিচয়ে পরিচিত হয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে শাহজামান খানের অংশ নেওয়ার কথা রয়েছে। বক্তাদের দাবি, ওই অনুষ্ঠানকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ পরিকল্পনা করা হয়েছে।
সূত্র: ভোরের কাগজ





