সাংবাদিক, কলামিস্ট ও টক শো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে পলাশকে। এ পদে যোগ দিতে হলে তাঁকে অন্য পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে।

নিয়োগের বাকি শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

সূত্র: সারাবাংলা