বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করতে সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও এর লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে জামায়াতের জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বুধবার ঢাকা ছাড়া দেশের সব মহানগরে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী।

সূত্র: আমার দেশ