শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় সভায় কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।

কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি আঁকা, স্মরণসভা, বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়, কফিন মিছিল, দেশজুড়ে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র‍্যালি এবং সার্বভৌমত্বের শপথ। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করবে সংগঠনটি।

মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদিকে আমরা শুধু বিচারিক জায়গা থেকে বিবেচনায় আনতে চাই না। আমরা আরও একটি বিষয় নিশ্চিত করতে চাই যে শহীদ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো। কোন কারণগুলোকে আমলে নিয়ে এই রাষ্ট্রে যাঁরা ভারতের সেবাদাস হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লেন।’

হাদি হত্যার তদন্ত কতদূর এগিয়েছে, ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে তার দৃশ্যমান প্রমাণ দেখাতে হবে বলে জানান ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ‘আগেরবার আন্দোলনের সময় নির্বাচন বানচালের কথা বলে আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছিল। এবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্যসচিবকে মানিয়ে-বুঝিয়ে ঘরে ফেরানো যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। ১৮ ডিসেম্বর থেকে আমরা কী করব, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কোথায় যাবে, সংসদ ভবনের বাইরে বসবে নাকি ভেতরে গিয়ে বসবে।’

সভায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকারসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো