ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন আসাদ আলম সিয়াম। দায়িত্ব নেওয়ার আগে শুক্রবার, ২৭ নভেম্বর তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ গত ১৩ জুলাই নয়াদিল্লিতে হাইকমিশনার পদে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করে। ২২ সেপ্টেম্বর তাঁর নিয়োগে সম্মতি দেয় ভারত। বর্তমানে সেখানে বাংলাদেশের হাইকমিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
গত ৩১ অক্টোবর সিয়ামের বাবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মারা যান। এ কারণে নতুন দায়িত্বে যোগ দিতে তাঁর কিছুটা দেরি হয়েছে।
পেশাদার কূটনীতিক সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বুয়েট থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন। কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস ও ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত কোর্সও সম্পন্ন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করা সিয়াম ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে ইউএন এসক্যাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের জুনে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়।
সূত্র: একুশে টেলিভিশন






