ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযোগগুলোর তদন্তের অগ্রগতি বা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

সম্প্রতি ছড়িয়ে পড়া অডিওতে সনিকে আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়া, জামিনে অর্থ খরচ এবং আবার টাকা চাওয়ার বিষয়ে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছিল। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।

বুধবার সকালে প্রকাশিত ভিডিও বার্তায় সনি অভিযোগ করেন, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। তাঁর দাবি, আদালতে পাঠানোর আগে ওসি তাঁকে আলিঙ্গনের প্রস্তাব দেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর বাংলোয় যেতে বলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও তোলেন তিনি।

অডিওতে সনি তাঁর সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর আরও অভিযোগ, ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার কথা গোপন রাখতে বলা হয়েছিল।

অভিযোগ অস্বীকার করে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

সূত্র: ভোরের কাগজ