আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে বর্তমান সরকারের পতন ও শেখ হাসিনার দেশে ফেরা একই সময়ে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, একদিকে ঐক্যের কথা বলা এবং অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালালে এমন পরিস্থিতি তৈরি হবে। তাঁর ভাষ্য, অতীতে শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার সাধারণ মানুষই তাঁকে দেশে ফিরলে বিচারের মুখোমুখি করবেন।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। কারাগারে গিয়েও মন্ত্রী-এমপিরা ফুল দিয়ে আওয়ামী লীগ নেতাদের বরণ করেছেন বলেও দাবি করেন তিনি।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে রেজাউল করিম দাবি করেন, বিএনপির মহাসচিব থাকার সময় তিনি নিজের নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের কর্মীদের ধানের শীষে ভোট দিতে বলেছিলেন এবং মামলা প্রত্যাহার ও নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন। সম্মেলনে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সূত্র: ক্যাম্পাস টাইমস