দেশের প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা জোরদার এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। কর্নিয়াজনিত অন্ধত্বের কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা এবং স্বাস্থ্য বিষয়ে মানুষের আচরণ বদলাতে কার্যকর যোগাযোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা সড়কে সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি মিলনায়তনে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, কর্নিয়া দানের বিষয়ে কুসংস্কার দূর করতে মানুষের মধ্যে পরামর্শ ও সচেতনতা বাড়ানো জরুরি। সন্ধানীর দীর্ঘদিনের প্রচারে এ বিষয়ে সমাজের ধারণা বদলেছে এবং কর্নিয়া দানের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৃষ্টি ফেরানো সম্ভব—এ কথা মানুষ জানতে পেরেছে।
২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্ব নিয়ে তাঁর পরিচালিত জরিপের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় দুই হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপে দেখা যায়, ২৭ থেকে ২৮ শতাংশের অন্ধত্বের কারণ ছিল কর্নিয়াজনিত। এর প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর অভাব। বর্তমানে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমলেও দুর্ঘটনা বা আঘাতে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে বলে জানান তিনি।
আঘাতজনিত কর্নিয়ার ক্ষত সফলভাবে প্রতিস্থাপনের সম্ভাবনা এখন বেশি উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, তরুণদের এই আন্দোলনে যুক্ত করা গেলে তাঁরা পরিবারের প্রবীণ সদস্যদের চক্ষুদানে উৎসাহিত করতে পারবেন।
দেশের ২০ কোটি মানুষের জন্য কার্যক্রম পাঁচটি অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সব বিভাগে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
সূত্র: আমার দেশ





