রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ছয় নেতার মধ্যে রয়েছেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন এবং ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক।

এ ছাড়া ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৯ জনকে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিজ্ঞপ্তিতে জানান, আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

সূত্র: আমার দেশ