ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে রয়েছেন। তাঁর সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ্যে না এলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত লুটিয়েন্স বাংলো এলাকার একটি সরকারি বাসভবনে থাকতে পারেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। ওই বছরের অক্টোবরে তাঁর অবস্থান সম্পর্কে জানেন—এমন ব্যক্তিদের উদ্ধৃত করে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, তিনি লুটিয়েন্স বাংলো এলাকায় ভারত সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছিলেন।
শেখ হাসিনার নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি। কয়েকটি প্রতিবেদনে তাঁর নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী নিয়োজিত থাকার কথা বলা হয়েছে। ভারতে থেকেও সাক্ষাৎকার, বিবৃতি ও দূরবর্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি যোগাযোগ বজায় রেখেছেন।
চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন শেখ হাসিনা। পরে সেপ্টেম্বরে ফোনে দেওয়া আরেক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেন এবং আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছা জানান।
এ বছরের আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার এক সংবাদ সম্মেলনে অডিও কলে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণার কথা বলা হলেও, তাঁর অবস্থান ও ফেরার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
গত ২৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
সূত্র: ক্যাম্পাস টাইমস




