নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নারী নির্যাতনের মামলার তদন্ত ও বিচার দ্রুত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমী। বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি এবং ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা।
নুরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। দেশে বিচারকের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম হওয়ায় বিচারপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করে তিনি পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান। সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার নারীরা অনেক সময় আইনের আশ্রয় নিতে চান না; বিচারপ্রার্থীদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।
সাবিকুন্নাহার মুন্নি বলেন, নিরাপত্তা নারীর মৌলিক অধিকার হলেও সমাজে তা অনুগ্রহ হিসেবে বিবেচিত হয়। আকলিমা ফেরদৌসী আখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। তাহমিনা আক্তার সুরমা বলেন, নারীরা রাজপথ থেকে সংসদ—কোথাও নিরাপদ নন এবং রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান।
মানববন্ধনে জানানো সাত দাবির মধ্যে রয়েছে—নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গুরুত্ব দিয়ে গ্রহণ করা, অভিযোগ নিতে অবহেলা ও ভুক্তভোগীকে হয়রানি বন্ধ করা এবং মামলার তদন্ত ও বিচার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করা। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনার কথাও বলা হয়।
দাবিগুলোর মধ্যে আরও আছে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা; নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করা। অনলাইন ও সাইবার সহিংসতা ঠেকাতে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে সহায়তা নেটওয়ার্ক গড়ারও আহ্বান জানানো হয়।
সূত্র: জনকণ্ঠ




