পাকিস্তানের ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে দাদা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তোলা ছবি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি দিয়ে তিনি এ অভিজ্ঞতাকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার স্মারক বলে উল্লেখ করেন।

ইংরেজিতে দেওয়া পোস্টে হুম্মাম কাদের লেখেন, দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানো তাঁর জন্য তাৎপর্যপূর্ণ ও গর্বের মুহূর্ত। বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে ওই ঐতিহাসিক ভবনে ফিরে আসাকে তিনি পরিবারের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিজের যোগসূত্র হিসেবে তুলে ধরেন।

পোস্টে তিনি আরও বলেন, ইতিহাস মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।

ছবিটি তাঁর কাছে শুধু একটি মুহূর্তের স্মৃতি নয় উল্লেখ করে হুম্মাম কাদের লেখেন, এতে প্রজন্মের মধ্যে ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্য এবং জনসেবার দায়িত্ববোধের প্রতিফলন রয়েছে।

সূত্র: আমার দেশ