দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কাজের জন্য প্রশিক্ষিত ১৩৯ ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নির্বাচিত কর্মীদের শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার—এই তিন ধরনের কাজে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, ট্রান্সগার্ড গ্রুপ এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

মহাপরিচালক বলেন, ট্রান্সগার্ডে প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদা রয়েছে। ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে। তাঁর ভাষ্য, দালালের প্রতারণা ও আর্থিক ক্ষতি এড়াতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে কর্মরত সদস্যদের শৃঙ্খলা, সততা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলার আহ্বান জানান মহাপরিচালক। তিনি বলেন, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় আছেন।

জাপান ও ইউরোপের শ্রমবাজারেও সদস্যদের কাজের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জাপানের ক্ষেত্রে দক্ষতা, আইসিটি ও ভাষা শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা এবং স্পন্সরশিপের পরিকল্পনা রয়েছে। বিদেশে যেতে পারবেন না—এমন সদস্যদের জন্য ‘সঞ্জীবন প্রকল্পে’ খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সূত্র: সারাবাংলা