দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে মুজাহিদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে মুজাহিদের যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ও হোসাইন মো. কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
ট্রাফিক বিভাগের বন্দর জোনের উপকমিশনার কবীর আহমেদ ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। পরে তাঁকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: জনকণ্ঠ




