আলেমদের সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর উল্লেখ করে তাঁদের পরামর্শ ও দোয়া নিয়ে দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, জনগণের আমানত রক্ষা এবং ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে সরকার কাজ করতে চায়। এ কাজে আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষায় অবদান রেখেছে। ইসলামী শিক্ষার বিকাশ, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্জাগরণে দলটি কাজ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয় মাসিক সম্মানির ব্যবস্থা চালু হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। তাঁর ভাষ্য, দায়িত্ব নেওয়ার ৩০ দিনের মধ্যে গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাসে ইমামরা পাঁচ হাজার, মুয়াজ্জিনরা তিন হাজার এবং খাদেমরা দুই হাজার টাকা পাবেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেকে আরও এক হাজার টাকা করে পাবেন।
মসজিদ খাতে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ব্যয় ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে আরও বেশি মসজিদের কর্মীদের কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হজ ব্যবস্থাপনা নিয়ে ধর্মমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য সাশ্রয়ী হজের ব্যবস্থা করা সরকারের অঙ্গীকারগুলোর একটি। ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
সূত্র: একুশে টেলিভিশন






