আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ জানিয়ে তাদের এখন থেকেই লক্ষ্য স্থির করে মনোযোগ দিয়ে পড়াশোনার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে বঙ্গভবন পরিদর্শনে যাওয়া রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ এবং তোমরাই একদিন এই দেশটাকে গড়ে তুলবে ও দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই বড় স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।’
প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ শিক্ষার্থী ও চার শিক্ষক বঙ্গভবনের বাসভবন ও কার্যালয় ঘুরে দেখেন। শিক্ষার্থীরা ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক দেখে আনন্দিত হওয়ার কথা জানায়।
মতবিনিময়ে রাষ্ট্রপতি পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত অন্য বই পড়ার অভ্যাস গড়ার পরামর্শ দেন। মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানো শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধা হতে পারে বলে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘তাই তাদের আবার বই পড়ার জগতে ফিরিয়ে আনতে হবে।’ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও বলেন তিনি।
ভবিষ্যতে শিক্ষার্থীদের কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী বা সশস্ত্র বাহিনীর সদস্য হবে, কেউ সরকারি দায়িত্ব পালন করবে—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের চর্চার আহ্বান জানান।
দেশপ্রেমের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সবকিছুর ওপরে নিজের দেশটাকে ভালোবাসতে হবে।’ আগামী প্রজন্মের জন্য সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে ছবি তুলে বঙ্গভবন ত্যাগ করে।
সূত্র: সারাবাংলা




