জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকেরা। তাঁদের মতে, জাতীয় স্বার্থে সমন্বয় ও সংলাপের সুযোগ রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, দেশে সুস্থ গণতান্ত্রিক চর্চার নতুন পরিবেশ তৈরি হচ্ছে। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সরকারি ও বিরোধী—দুই পক্ষের রাজনৈতিক শক্তির সংসদে প্রতিনিধিত্ব এবং মতপার্থক্য প্রকাশের সুযোগ গণতন্ত্রের জন্য ইতিবাচক।
শামছুল আলম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ভিন্নমত থাকলেও আলোচনায় সমাধানের পথ খোলা আছে। শর্তের মধ্যে আটকে না থেকে জাতীয় স্বার্থে সংলাপ চালিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ন্যূনতম ঐকমত্য গড়ার ওপর জোর দেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে। বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী দিনে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করে দুদু বলেন, দেশের মানুষ তাঁদের এখন যে অবস্থায় দেখছে, তাতে দেশে তাঁদের পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে। শেখ হাসিনা নিজের দোষ ও অপশাসনের কারণে দেশ ছেড়েছেন বলে দাবি করে তিনি দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও আগুনসন্ত্রাসের অভিযোগ তোলেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে বিভেদ থাকবে না। গণভোটের গণরায় বাস্তবায়নকে তাঁদের রক্ষা করতে হবে—এমন দুটি বিষয়ের একটি হিসেবে উল্লেখ করেন তিনি। পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে যদি গাজা বানানোর স্বপ্ন দেখেন, ১৮ কোটি বাংলাদেশি ভারতের দিকে মার্চ করবে, ইনশা-আল্লাহ।’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে বলেন, দেশে ফ্যাসিবাদের ফেরার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সব স্তরে সংস্কার বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
জুবায়েরের মতে, শুধু ঐক্যের কথা বললে হবে না, সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ নেতারা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে উসকানি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: ভোরের কাগজ





