নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার মামলায় আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন আদালত।
শুনানিতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তাঁদের ভূমিকার কথা তুলে ধরে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সাত খুনের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিলেন।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, মামলার মূল আসামি তারেক সাঈদের জবানবন্দিতে বিষয়টি স্পষ্ট হয়েছে। তারেক সাঈদ বলেছেন, জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া র্যাবের কোনো অভিযান হতো না। জবানবন্দিতে ভুক্তভোগীদের অচেতন করে হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার বিবরণও এসেছে বলে জানান তিনি।
২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিরচর এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক মামলা করেন। পরে মামলা দুটি একসঙ্গে তদন্ত করে পুলিশ। তদন্তের সময় কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত দুই মামলার রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্টের রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করেন। অন্যদের বিভিন্ন মেয়াদের সাজাও বহাল থাকে। এরপর আসামিরা আপিল বিভাগে আবেদন করেন।
সূত্র: আজকের পত্রিকা




